
চট্টগ্রামের স্বাস্থ্যখাতে এক নতুন ও ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করলো অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। প্রথমবারের মতো চট্টগ্রামের স্বাস্থ্যখাতভুক্ত হাসপাতালগুলোকে একত্রিত করে “Corporate Futsal Championship 2026” আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের ১১টি অংশগ্রহণকারী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াহেদ মালেক, চিফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের স্বাস্থ্যখাতে এমন একটি ব্যতিক্রমী ও ইতিবাচক ক্রীড়া আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ পেশাগত সম্পর্কের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক বলেন, “স্বাস্থ্যসেবা একটি টিমওয়ার্ক নির্ভর পেশা। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল বিশ্বাস করে, এই কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপ হাসপাতালগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সুস্থ প্রতিযোগিতা এবং দলগত বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”


আয়োজক প্রতিষ্ঠান অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল জানায়, Corporate Futsal Championship 2026 শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং চট্টগ্রামের স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা, ইতিবাচক সংস্কৃতি ও পেশাগত ঐক্য গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ।
